আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে পরীক্ষিত, ত্যাগী নেতা কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা এবং ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে রাজশাহীর কিছু বিএনপি নেতা আওয়ামী লীগের সাথে সখ্য গড়ে তোলেন এবং নানা সুবিধা ভোগ করেন। তারা দলের দুঃসময়ে পাশে না দাঁড়িয়ে নিজেকে নিরাপদে রাখেন। এমনকি হামলা-মামলার শিকার হননি। অথচ ৫ আগস্টের আন্দোলনের পর তারাই আবার সক্রিয় হয়ে দলের নেতৃত্বে ফিরে আসার চেষ্টা করছেন।
বক্তারা আরও বলেন, বর্তমান রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এই কমিটির অনেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, যা দলকে ক্ষতিগ্রস্ত করছে। বক্তাদের দাবি আগামী দিনে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে যেসব নতুন কমিটি গঠিত হবে, সেখানে যেন দলের পরীক্ষিত, ত্যাগী এবং নির্ভীক নেতাকর্মীদের উপযুক্ত মূল্যায়ন করা হয়।
মানববন্ধনে রাজশাহী বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা দলের নেতৃত্বে স্বচ্ছতা ও ত্যাগী কর্মীদের পুনর্বাসনের আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি, মহানগন যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম হারু, রাজশাহী বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান টেনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু প্রমূখ।
