ঝালকাঠির কাঠালিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় সাগর দাস (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, ২৪ মে রাত পৌনে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের আমুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আমুয়া এলাকার বাসিন্দা সলেমান সিকদারের বসতঘরের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সাগর দাসকে আটক করা হয়। পরবর্তীতে সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে সলেমান সিকদারের ঘরের শয়নকক্ষের বিছানার নিচ থেকে আরও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক সাগর দাস একই এলাকার নিখিল দাসের ছেলে এবং পলাতক সলেমান সিকদার কবির সিকদারের ছেলে।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃত সাগর দাস ও পলাতক সলেমান সিকদারের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।