রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ, সন্ত্রাসী রাজীবকে গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টায় মহানগরীর মাস্টারশেফ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী বলেন, আমি, মো: রাকিব আল রেজা (রিপন), পিতা-মো: গোলাম নবী, দক্ষিণ দড়িখরবনা, ওয়ার্ড-১৩, হোল্ডিং নং-৩৪৪/এ, থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগরের স্থায়ী বাসিন্দা।
আমার ছোট বোনকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও হুমকি দিয়ে আসছিলেন মো: রাজিব নামের একজন ব্যক্তি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৯ জানুয়ারি বোয়ালিয়া মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা (নং-২৮) দায়ের করি, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। কিন্তু মামলা দায়েরের পর থেকেই আসামি মো: রাজিব ও তার পরিবার আমাদের মামলা তুলে নেওয়ার জন্য বারবার ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল। আমরা ন্যায়বিচারের আশায় মামলা প্রত্যাহার না করায় তারা আরও হিং¯্র হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায়, ১২ মে ২০২৫, দুপুর ১টার দিকে মামলার ১নং আসামি মো: রাজিব ও ৩নং আসামি মো: শাহিন আমার পিতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় এবং রাজিব ছুরি বের করে আক্রমণের চেষ্টা করে। স্থানীয়দের হস্তক্ষেপে আমার পিতা অল্পের জন্য রক্ষা পান এবং দ্রুত বাসায় ফিরে আসেন।
কিন্তু এর মাত্র ৪৫ মিনিট পর, দুপুর ১টা ৪৫ মিনিটে, পূর্বপরিকল্পিতভাবে আসামি রাজিব, তার বড় ভাই রাকিব, তাদের পিতা শাহিনসহ মামলার অন্যান্য আসামিরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ‘আলমারি মডার্ন ফার্নিচার’-এ হামলা চালায়। সেখানে তারা আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে বর্বরভাবে আক্রমণ করে। আমি গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। আমার মাথা ও হাতে মিলিয়ে ৭০টির বেশি সেলাই দিতে হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে আমি চিকিৎসা শেষে বাসায় বিশ্রামে রয়েছি, তবে শারীরিক ও মানসিকভাবে এখনও চরম দুরবস্থায় আছি।
এই ন্যাক্কারজনক ঘটনার পর মামলার ১নং আসামি মো: রাজিব হোসেন ছাড়া অন্যান্য আসামিরা জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের পরিবারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
বিচারপ্রার্থীদের এভাবে হুমকির মুখে ফেলে রাখলে আইনের প্রতি মানুষের আস্থা কমে যাবে। অথচ প্রধান আসামি মো: রাজিব হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজশাহী মহানগর ইউনিটের শাহ মখদুম থানা শাখার যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তিনি রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে একের পর এক অপরাধ করে যাচ্ছেন। আমরা বিএনপির রাজশাহী মহানগর নেতৃবৃন্দের কাছে তার দলীয় পদ থেকে দ্রুত বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি।
আমাদের তিন দফা দাবি নিচে উপস্থাপন করছি:
১. মামলার প্রধান আসামি মোঃ রাজিব হোসেনকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
২. জামিনে মুক্ত অন্যান্য আসামিদের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. আমাদের পরিবারকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আমি বাংলাদেশ সরকারের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আমাদের পরিবারকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করুন এবং ন্যায়বিচার নিশ্চিত করুন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাকিব আল রেজা, রিপনের পিতা মো: গোলাম নবী, ছোট ভাই গোলাম নবীন রোকন এবং ছোট বোনের জামাতা হাবিবুর রহমান টনি।
