রাজশাহীতে আখ ক্ষেতের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ পাওয়া গেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় রাজশাহীর বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকার বাইপাস রাস্তার ব্রিজের পশ্চিম পাশের বিলের একটি আখ খেতে লাশটি পাওয়া যায়।
বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি জানান, স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে মাঠের কৃষকেরা আখ ক্ষেতের ভেতর গিয়ে লাশটি দেখতে পান। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ, তবে এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নগরীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সন্ধ্যার পূর্বে খবর পাই বেলপুকুর ভড়ুয়াপাড়া ব্রিজের পাশের একটি আখ ক্ষেতে গলিত ব্যাক্তির লাশ পাওয়া গেছে। আমি সহ আমার ফোর্স ঘটনাস্থলেই যাই। লাশটি উদ্ধার করি।
ওসি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ১৫/২০ দিন আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকৃত হয়ে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তার আনুমানিক বয়স হতে পারে ৫০ বছর। এটি হত্যা কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি। পোস্ট মর্টেমের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।
