রাজশাহীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারী স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছে বিএনপি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। একইসঙ্গে চাঁদাবাজদের তালিকা তৈরি করাসহ ৮ দফা দাবি জানিয়েছেন বিএনপির সাবেক ও বর্তমান কয়েকজন নেতা।
শনিবার (১৭ মে) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু সুফিয়ানের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তারা এসব দাবি জানান। বিএনপির রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা কমিটির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু ও মতিহার থানার কমিটির সাবেক সভাপতি আনসার আলীর যৌথ স্বাক্ষরে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক বিএনপি নেতা রবিউল আলম মিলুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা হতাশাজনকভাবে লক্ষ্য করছি যে, বিগত কয়েক মাসে রাজশাহী নগরীতে আইনশৃঙ্খলার ব্যবস্থার চরম অবনতি হয়েছে, নগরীতে ইভটিজিং বেড়েছে, বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, চাঁদাবাজি বেড়েছে, বিগত দিনের জুলাই ছাত্র আন্দোলনে হামলাকারী, মদদদাতা, পৃষ্ঠপোষক ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠছে। নগরীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অস্ত্রের অবৈধ ব্যবহারও লক্ষণীয় পর্যায়ে গেছে।
সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে স্মারকলিপিতে উল্লিখিত ৮ দফা দাবি হলো:
১. পুলিশ বাহিনীকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, সম্পূর্ণ প্রভাব মুক্তভাবে পুলিশি কার্যক্রম পরিচালনা করা অতি আবশ্যক।
২. সব মামলার আসামি, অভিযুক্ত অপরাধী, জুলাই আন্দোলনে মামলায় অভিযুক্ত, ছাত্র জনতার ওপর হামলায় জড়িত ব্যক্তি, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় নেতাকর্মী, দেশবিরোধী চক্রান্তে লিপ্ত আওয়ামী লীগের দোসরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
৩. চাঁদাবাজি রোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে চিহ্নিত চাঁদাবাজদের তালিকা তৈরি করতে হবে। কোনো ব্যক্তি বা দলীয় ব্যানার ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষ, ব্যবসায়ীকে জিম্মি না করতে পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষার্থে রাজশাহীর চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেফতার ও মাদকের আড্ডায় নিয়মিত অভিযান আরও বাড়াতে হবে।
৪. নগরীতে অল্প সময়ের ব্যবধানে একাধিক খুনের ঘটনা ঘটলেও অধিকাংশ অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে, অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। পুরাতন মার্ডার মামলার অনেক এজাহারভুক্ত আসামিও প্রকাশ্যে চলাফেরা করছে এবং পুনরায় বিভিন্ন অপরাধ সংঘটিত করতে সক্রিয় হচ্ছে। বিশেষ করে নগরীর ভূগরইল এলাকায় যুবদল নেতার বাবাকে এবং কাদিরগঞ্জে নিরীহ রিকশা চালক পথচারীকে হত্যা গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছে। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে ও আসামি গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দেয়ার উপক্রম হচ্ছে। সব ঘটনার সঙ্গে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি।
৫. নগরীতে কিশোর গ্যাং, ইভটিজার এবং ছিনতাইকারীদের নতুন তালিকা তৈরি করে অভিযান পরিচালনা অতীব জরুরি। নগরীতে রাত্রিকালীন টহল আরও বৃদ্ধি করতে হবে।
৬. রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাসায় ব্যাপক অগ্নিসংযোগ, গুলি, লুটতরাজ সহ পরিবারের মহিলা সদস্য, শিশু সদস্যকে টার্গেট করে হামলা হয়েছে। এই সংক্রান্ত রাজপাড়া থানায় মামলা দায়ের সত্তে¡ও কোন আসামি গ্রেপ্তরের উদ্যোগ, অভিযান দৃশ্যমান হয়নি। বরং ঘটনায় অভিযুক্ত অস্ত্রধারীরা বিভিন্নভাবে যুবদল নেতা রুহুল আমিন বাবলুকে ভয়ভীতি প্রদর্শন করছে, প্রকাশ্যে নিজ এলাকায় চলাফেরা করছে। যুবদল নেতা রুহুল আমিন বাবলু সহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদানে এবং তার দায়েরকৃত মামলার সকল আসামিদের গ্রেপ্তারে আপনার আশু পদক্ষেপ কামনা করছি। মনে রাখা প্রয়োজন, অপরাধীদের কোন দল নেই।
৭. দেশবিরোধী সকল চক্রান্ত রোধে সকল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উপর নজরদারি আরো বাড়াতে হবে ও ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
৮. রাজশাহীতে কমিউনিটি পুলিশিং সকল কমিটি দ্রুত পুনঃগঠন ও সংস্কার করে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম বাড়াতে হবে।
আমরা বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষ আপনার কাছে উপরোক্ত সকল দাবি দাওয়া সদয় বিবেচনাপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। দল মতের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে আরএমপির পুলিশ বাহিনীর সকল সদস্যরা আগামীতে প্রভাবমুক্ত হয়ে সুখী, শিক্ষা ও শান্তির মহানগরী খ্যাত রাজশাহীকে নিরাপদ রাখতে আপনার নির্দেশনায় আরো উদ্যোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।
