প্রায় সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের মাওয়াপ্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ফের মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। ইতোমধ্যে মোটরসাইকেল থেকে সেতু কর্তৃপক্ষ ৩ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় করেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৬টা থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ওই টোল আদায় করা হয়।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে ১০টা পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ মোটরসাইকেল চলাচল করেছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী জানান, বৃহস্পতিবার ভোর থেকেই পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল আরোহীরা চলাচল করেছেন। এখন পর্যন্ত সেতু দিয়ে প্রায় ৩ হাজার ৪০০ মোটরসাইকেল চলাচল করেছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, মোটরসাইকেলগুলো এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলাচল করছে। চালকদের প্রতি যে ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। তা তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে।