জাতীয় পার্টিতে বিভক্তি নেই বলে দাবি করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। একই সঙ্গে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলেও জানিয়েছেন এই দুই নেতা।

সোমবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ কথা জানান। বিবৃতিতে রওশন এরশাদ ও জিএম কাদের বলেন, ‌‘কিছুদিন ধরে গণমাধ্যমে জাতীয় পার্টির বিভক্তি সম্পর্কিত বিভ্রান্তিকর কিছু খবর প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে, জাতীয় পার্টিতে কোনো বিভক্তির প্রশ্নই ওঠে না। বরং আমরা দুজনই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রয়াত নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর।’

তারা আরও বলেন, ‘আমরা দুজনই পার্টিকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং সে লক্ষ্যে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার জন্য পার্টিকে সুসংগঠিত করার প্রত্যয় ঘোষণা করছি। আমরা দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।