করোনা সময়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ধারণাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মহামারির প্রকোপ কমলেও একেবারে শেষ হয়ে যায়নি করোনা। অনেকেই আক্রান্ত হচ্ছেন। কিন্তু দীর্ঘ দুই বছরেও আক্রান্তরা কীভাবে অফিস করবেন, কত দিন বাসায় থাকবেন, কীভাবে তাদের টাকা দেয়া হবে- এ সংক্রান্ত কোনো আইন প্রণয়ন হয়নি। সে লক্ষ্যে এবারই প্রথম হোম অফিস আইন প্রণয়ন করতে যাচ্ছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস।
করোনায় আক্রান্ত বা শারীরিক অসুস্থতার কারণে অনেক কর্মী এখনো বাসা থেকে কাজ করার আবেদন জানান। কিছু প্রতিষ্ঠান মানবিক দিক বিবেচনা করে অনুমতি দিলেও অনেক প্রতিষ্ঠান এখন আর তা দেয় না। কর্মী ও প্রতিষ্ঠানের এসব জটিলতা কাটাতে এ আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ডাচ্ পার্লামেন্টের নিম্নকক্ষে হোম অফিস বিল পাস হয়েছে। এখন বিলটি সিনেটের অনুমোদন পেলেই দেশটিতে হোম অফিসের বিষয়টি আইনি স্বীকৃতি পাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে কোনো কর্মী হোম অফিস করার আবেদন জানালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই আবেদন খারিজ করে দিতে পারে। নতুন আইন সিনেটের অনুদোন পেলে কর্মীর এ আবেদন প্রতিষ্ঠানকে রাখতেই হবে। এরপরও যদি প্রতিষ্ঠান কর্মীকে সেই অনুমতি না দেয়, তাহলে উপযুক্ত কারণ দেখাতে হবে।নেদারল্যান্ডসের প্রতিনিধি পরিষদের সদস্য ও হোম অফিস বিল উত্থাপনকারীদের একজন সেনা মাতুগ বলেন, আইনটি অনুমোদন পেলে কর্মীরা ভালো কর্মজীবনের ভারসাম্য খুঁজে পাবেন এবং অফিসে যাতায়াতে যে সময় ব্যয় হয়, তা অনেক কমে যাবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মূলত নতুন বিলটি নেদারল্যান্ডসের ফ্লেক্সিবল ওয়ার্কিং অ্যাক্ট–২০১৫–এর একটি সংশোধনী। এ সংশোধনীতে কর্মীদের কাজের সময়, অফিসের সময়সূচি, এমনকি কাজের স্থান পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।এদিকে অনেক দেশেই দীর্ঘদিন বাড়িতে বসে কাজ করায়, অফিসে ফিরতে ঢিলেমি করছেন কর্মীরা। অফিসে ফেরার নির্দেশনা পেয়ে অনেকে চাকরি ছেড়েছে সে নির্দশনও রয়েছে। ধারণা করা যাচ্ছে, এ ব্যাপারে স্পষ্ট আইন থাকলে কর্মী ও কর্তা উভয়ই সুবিধা পাবে
