আওয়ামীলীগের বিভিন্ন সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উচিত নিজের ও তার দলের চেহারা আয়নায় দেখা। এজন্যই যে, তারা জনগণের সঙ্গে প্রতারণা করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আগের রাতে নির্বাচন করে জোড় করে ক্ষমতায় বসে আছে। বিএনপি অতীতে জনগণের কল্যানে কাজ করেছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, রাষ্ট্রকে নিয়ে বিএনপি কি চিন্তা করছে এবং কিভাবে রাষ্ট্রকে এগিয়ে নেয়া যায় তা ভিশন-২০৩০ এ প্রকাশ করা হয়েছে। যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, তারা নিজেদের ধর্মকর্ম পালন করতে পারবে। যেখানে মানুষের ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে পারবে ও মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কথা তুলে ধরা হয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন নিয়ে ফখরুল অরো বলেন, বিএনপি মনে করে স্থানীয় সরকার নির্বাচনকে দলীয়ভাবে করা সঠিক হবে না। এজন্য বিএনপি এসব নির্বাচন দলগত ভাবে করার বিপক্ষে ছিলো। কারণ দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীণ সমাজ পুরোপুরি বিভক্ত হয়ে যায়। সে কারণে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কা দিয়ে না করার পক্ষে। তবে বিএনপির কোনো নেতাকর্মী যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায় সেখানে বিএনপির কোনো বাধাঁ থাকবে না, এটি দলের সিদ্ধান্ত।

ভিপি নুরের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে ফখরুল বলেন, যে কোনো রাজনৈতিক নতুন দল যদি গণতন্ত্রের পক্ষে থাকে ও কথা বলে বিএনপি অবশ্যই তা স্বাগত জানায়। ভিপি নুরের যে নতুন দল তা অগণতান্ত্রীক ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখবে ও গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কাজ করবে।

বিএনপি আবারো ঘুরে দাঁড়াবে এবং সরকার গঠন করবে বিএনপি নেতারা এমন কথা সবসময় বলে আসছেন এ বিষয়ে বিএনপির কি পরিকল্পনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় তারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণ তার নিজের প্রয়োজনে বেঁচে থাকার জন্য, খাদ্য বস্ত্র বাসস্থানের সুবিধা ও মুক্ত সমাজ, রাষ্ট্র নির্মাণের জন্য সন্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে আসে। তখন এই ধরণের সৈরাচার সরকারকে সরে যেতে হয় এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশকে বিরাজনীতিকরণের জন্য আওয়ামী লীগ সম্পূর্ণভাবে দায়ী। বিএনপি একমাত্র দল, যে দলটি অতীতে সংগ্রাম লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আগামীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে। ক্ষমতার চেয়ারে অনেকেই বসে থাকে, কিন্তু জনগণ যখন উঠে দাঁড়ায় তখন তাদের সরে যেতে হয়।