জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, কোনো অপশক্তি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সম্প্রীতি বিনষ্টের সব ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেবো।
বুধবার (১৩ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী, রমনা কালীমন্দির এবং রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দুর্গা উৎসবে এদেশের মুসলিম-বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ও উৎসব মুখর পরিবেশে অংশ নেয়। আশা করছি, বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। আরও সুসংহত হবে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা।
