মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবক মৃত্যুর আগ মুহূর্তে সে তার নাম শরীফ বলে জানিয়েছন। শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে শহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীফ শহরতলীর শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিল। এসময় লোকজন এগিয়ে গেলে সে তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার জনৈক সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান। এসময় সে তার ঠিকানা শহরতলীর শাহজিবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান।

এসময় মৃত্যুর আগ পর্যন্ত এক গণমাধ্যমকর্মী তার জবানবন্দী ভিডিও ধারণ করেন পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স এসে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই শরীফ মারা যান।

শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।