রাজধানী থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংকের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২’র সদস্যরা। রবিবার (২৫ এপ্রিল) ভোররাত ৩ টার দিকে মোহাম্মদপুর থানা এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মো: আব্দুল মালেকের পুত্র মোঃ নুরুল ইসলাম (১৭), মো: লিটন হাওলাদারের পুত্র মোঃ লিমন (১৬), মো: নুরু মিয়ার পুত্র মোঃ রকি মিয়া (১৭) ও মো: নজের মিয়ার পুত্র মোঃ জমির হোসেন (১৬)।

র‌্যাব-২ জানায়, বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর আভিযানিক দল গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাত ৩টার দিকে জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানার আজিজ খান রোডের অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতিকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সংঘবদ্ধ ছিনতাইকারী সক্রিয় সদস্য কিশোর মোঃ নুরুল ইসলাম মোঃ লিমন, মোঃ রকি মিয়া ও মোঃ জমির হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত কিশোর অপরাধীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই স্থানীয় কিশোরনুরু গ্যাং এর সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়,তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র ধারা ভয় দেখিয়ে টাকা, স্বর্ণ অলংকার, মোবাইল এবং মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে পালিয়ে যায়।

এছাড়া তাদের নিকট হতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫