সৌদি আরবের রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলায় তিনজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে। হামলার সময় ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাতও তীব্র হয়ে উঠেছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আবহা বিমানবন্দরের স্থাপনায় হামলায় নিহত হয়েছেন আরও দুজন। সেখানে আহত হয়েছেন ২৮ জন।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলা দুটি মঙ্গলবার ও বুধবার সংঘটিত হয়েছে। তবে কোন হামলাটি কোন দিনে হয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। বিমানবন্দরে হামলার পর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জোটটি। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ইয়েমেনের সাদা, হোদেইদাহ, জাওফ ও মারিব প্রদেশে হুতিদের ৮০টির বেশি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এর আগে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন হামলার অভিযোগ ওঠে হুতিদের বিরুদ্ধে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানায়, কায়রো থেকে একটি যাত্রীবাহী ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে একটি ক্ষেপণাস্ত্র রানওয়ের কাছে আঘাত হানে।

এডেন বিমানবন্দর হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের অংশের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ। সাম্প্রতিক সময়ে বাব আল-মান্দাব প্রণালীর আশপাশের এলাকাও সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

চলতি সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী বাব আল-মান্দাবের কাছে ও মোখা শহরের আশপাশের কৌশলগত এলাকা পুনর্দখলে অভিযান শুরু করেছে। গত সেপ্টেম্বরে এসব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল হুতিরা।