রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২ এবং উত্তরা বিভাগে ৬৩ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ ৯ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদক, জাল স্ট্যাম্প ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮টি ইয়াবা ও ২ দশমিক ৬ গ্রাম হেরোইন।

এ ছাড়া দুটি চাকু, একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০টি জাল রেভিনিউ স্ট্যাম্প এবং ৩ হাজার ৩৫৬টি নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। অভিযানে নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির বিপুল উপকরণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার এবং বিভিন্ন ধরনের বোতল, মোড়ক, লেবেল ও ক্যাপসুল তৈরির যন্ত্রপাতি রয়েছে।