একটি বিজ্ঞাপনে পরা পোশাক নিয়ে টেলিভিশনের টকশোতে ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক হওয়ায় হতবাক হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি কারিনা কাপুর খানের টকশো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এর ট্রেলারে সেই বিতর্ক নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

চলতি বছরের শুরুতে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে ডিপ নেকলাইনের ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ ও স্কার্ট পরে দেখা যায় কৃতিকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সমালোচকদের একাংশের দাবি ছিল, রাখি বন্ধন উৎসবের সময় এ ধরনের পোশাক ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতও কৃতিকে কটাক্ষ করেছিলেন।

কারিনার অনুষ্ঠানে সেই প্রসঙ্গে কৃতি বলেন, তার পরা একটি ব্লাউজ নিয়ে নিউজ চ্যানেলে ছয়জনের প্যানেল বসিয়ে লাইভ আলোচনা করা হচ্ছে—এটি তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তার মন্তব্য শুনে কারিনাও সহমর্মিতা প্রকাশ করেন।

তবে সমালোচনার সময় নীরব থাকেননি কৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রশ্ন তুলেছিলেন, অন্য একজন নারী কী পোশাক পরবেন, তা নিয়ে মানুষের এত মাথাব্যথা কেন।

কৃতি আরও বলেছিলেন, তিনি রাখি পরিয়েছেন এবং তার নিজের কোনো আপত্তি না থাকলে অন্যদের আপত্তির কারণ কী। তার মতে, কোনো উৎসবের পবিত্রতা পোশাকের ওপর নির্ভর করে না; বরং এর সঙ্গে জড়িত আবেগই গুরুত্বপূর্ণ।

পরে বোনের সঙ্গে রাখি বন্ধনের ছবি প্রকাশ করে সমালোচকদের ‘রাখি ফ্যাশন কমিটি’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি।

কারিনার টকশোর ট্রেলারে নারীরা আসলে কী চান—এমন প্রশ্নের উত্তরে কৃতি বলেন, নারীরা চান তাদের অযথা বিচার করা বন্ধ করা হোক এবং অন্যদের ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষ যেন অতিরিক্ত মাথা না ঘামায়।

কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। হোমি আদাজানিয়ার পরিচালনায় ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।