
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের আনুমানিক মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের করা আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর সহযোগী ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বয়ে একটি টাস্কফোর্স কাজ করছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানের অংশ হিসেবে গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি বাসায় অভিযান চালিয়ে ২৩ বস্তা আলামত জব্দ করা হয়। সেসব নথি পর্যালোচনা করে বিভিন্ন দেশে সাইফুজ্জামান ও তাঁর সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্জিত সম্পদের তথ্য পাওয়া যায়, যার মধ্যে যুক্তরাজ্যের সম্পত্তিও রয়েছে।
দুদকের দাবি, অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত এসব সম্পত্তি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের চেষ্টা করছেন। তাই তদন্তের স্বার্থে সম্পত্তিগুলো জব্দ করা প্রয়োজন হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন।