
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু জুলাইয়ের চেতনার কথা বলে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়। যারা জুলাইয়ের চেতনার ভিত্তিতে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন, তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও কর্মপরিকল্পনা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
রোববার (১৯ জুলাই) বিকেলে গণঅধিকার পরিষদ (জিওপি) আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি শুধু এমপি, মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার উদ্দেশ্যে জুলাইকে ব্যবহার করে থাকেন, তবে এখনই সময় নতুন রাজনীতির অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করার। তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, নতুন রাজনীতির দাবি তুললে তার ব্যাখ্যাও জনগণের কাছে দিতে হবে। শুধু বক্তৃতা নয়, ‘দায় ও দরদের রাজনীতি’ বলতে কী বোঝানো হচ্ছে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কী হবে, তা স্পষ্ট করতে হবে। জনগণ সেই রাজনীতিকে গ্রহণ করলে তাদের সমর্থনও দেবে বলে মন্তব্য করেন তিনি।