সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার পর এবার সমালোচকদের উদ্দেশে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, অন্যের মন্তব্য দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয়।
গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা। এরপর তার শারীরিক গঠন ও মাতৃত্ব-পরবর্তী পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য করেন অনেকে। সে সময় সালমান খান, হৃতিক রোশন, সমীরা রেড্ডিসহ কয়েকজন তারকার সমর্থন পেয়েছিলেন অভিনেত্রী।
সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধনী প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন ক্যাটরিনা। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছেন বা কী ধরনের ধারণা ছড়াচ্ছেন, তা দিয়ে নিজের আত্মসম্মান নির্ধারণ করা ভুল। সবাইকে খুশি করতে গেলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যেতে পারে।
নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দেওয়ার পরিণতি তুলে ধরে অভিনেত্রী বলেন, এসব কথাকে নিজের জীবন পরিচালনা করতে দিলে ভয় পেয়ে এক জায়গায় থেমে যেতে হতো। জীবনে এগিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ত।
নিজের প্রতি আস্থার গুরুত্ব তুলে ধরে ক্যাটরিনা বলেন, অন্যরা যখন প্রশংসা করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম নয়। কখনো সবকিছু মনের মতো থাকে, আবার কখনো পরিস্থিতি অনুকূলে থাকে না।
তার মতে, সব সময় নিখুঁত দেখানোর চাপ নেওয়ার প্রয়োজন নেই। জীবনের পরিবর্তনগুলো সহজভাবে গ্রহণ করা উচিত; নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ারও কিছু নেই।

মন্তব্য করুন