
রাজশাহী মহানগরীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাগিনার হামলার আঘাতে মামা নিহত হয়েছে। নিহত ওই ব্যাক্তি মহানগরীর বিলসিমলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সুরুজ (৫২)। তিনি পেশায় একজন মাইক্রো গাড়ির ড্রাইভার।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। যতদূর শুনলাম ভাগিনার সঙ্গে জমি নিয়ে বিরুদ্ধে হাতাহাতির পর সুরুজ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, “ঘটনার পর ভাগিনা পালিয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
