
সুনামগঞ্জ পৌর শহরের ব্যস্ততম ডি এস রোডের ষোলঘর এলাকায় সড়কের মাঝখানে চারটি বিদ্যুতের খুঁটি রেখে সড়ক প্রশস্ত করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব খুঁটির কারণে গত দেড় বছরে অন্তত শতাধিক দুর্ঘটনা ঘটেছে। দ্রুত খুঁটিগুলো অপসারণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের মাঝখানে খুঁটি থাকায় প্রতিদিনই যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের খুঁটিটি সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিন আগেও সেখানে একাধিক যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে।
রিকশা ও অটোরিকশাচালকেরা বলেন, হঠাৎ সড়কের মাঝখানে খুঁটি পড়ে যাওয়ায় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছেন। এতে যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি যাত্রীদের জীবনও ঝুঁকিতে পড়ছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার নেতারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলেও বিদ্যুৎ বিভাগ ও পৌরসভা একে অপরের ওপর দায় চাপাচ্ছে।
অভিযোগের বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, খুঁটি অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে খরচ-সংক্রান্ত জটিলতায় কাজটি সম্পন্ন হয়নি। বর্তমান নির্বাহী প্রকৌশলী খুঁটি সরানোর আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলেই জনস্বার্থে দ্রুত খুঁটিগুলো অপসারণ করা হবে।
