
টানা কয়েক দিন ধরে রাজধানী ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় বুধবার (৫ আগস্ট) ঢাকার অবস্থান ২৭তম। এদিন শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৮৫, যা ‘মাঝারি’ মানের হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাস বর্তমানে সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে থাকলেও সংবেদনশীল ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির একিউআই স্কোর ২০৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে পাকিস্তানের লাহোর (১৭২), কুয়েত সিটি (১৬৩), যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড (১৫৬) ও ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৫৫)।
বায়ুর মান নির্ধারণে একিউআই স্কোর ০ থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। এ সময় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
