
চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খাল থেকে আনুমানিক ১৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্তের কাঞ্চননগর ইউনিয়নের বাইন্যাছড়া এলাকার ধুরুং খালে এ অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে বুধবার (১৯ আগস্ট) সকালে জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বাইন্যাছড়া আর্মি ক্যাম্প সূত্র জানায়, ধুরুং খাল দিয়ে অবৈধভাবে পাহাড়ি কাঠ ও বাঁশ পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তান শাকিলের নেতৃত্বে সেনাসদস্যদের একটি দল রাতে অভিযানে নামে।
এ সময় খাল থেকে চোরাইভাবে মজুত করা বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠের ২৫০টি গোল কাঠ এবং ৪০০টি বাঁশ জব্দ করা হয়।
উদ্ধারকৃত কাঠ ও বাঁশের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্বত্য সীমান্ত এলাকা থেকে খালের স্রোত ব্যবহার করে অবৈধভাবে পাহাড়ি কাঠ ও বাঁশ পাচারের চেষ্টা করছিল অসাধু পাচারকারী চক্র।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
রে সকালের দিকে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিয়ে উদ্ধারকৃত কাঠ ও বাঁশ তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
