আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে চিঠি দিয়েছে সংগঠনটি। সোমবার (৫ অক্টোবর) বিষয়টি জানান দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
চিঠিতে ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সাশ্রয়ের জন্য দীর্ঘদিন ধরে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করা হচ্ছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে ব্যবসা কমে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক চাপে রয়েছেন।
ব্যবসায়ী নেতাদের দাবি, ঈদ ও দুর্গাপূজার সময়ে সাধারণত কেনাকাটা বাড়ে। তাই এ সময়ে দোকান খোলার সময় বাড়ানো হলে তারা উপকৃত হবেন।
তারা ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখার সুযোগ চেয়েছেন। ব্যবসায়ীদের দাবি, বর্তমানে লোডশেডিং পরিস্থিতিও নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে জ্বালানি সংকটের কারণে দোকান বন্ধের সময় কয়েক দফা পরিবর্তন করা হয়। সর্বশেষ ১২ আগস্ট থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।


মন্তব্য করুন