নারায়ণগঞ্জের কাচপুরে বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. শরিফ (৩৪), তাঁর স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) এবং মো. রনি (১৯)।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির ৭০ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসক আরও জানান, গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে তাঁরা দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।