ভালোবাসার টানে সুদূর ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসে জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ে করেছেন ৩৮ বছর বয়সী সিমোলা মিকা। ইসলাম ধর্ম গ্রহণের পর ২৮ বছর বয়সী প্রেমিকা শান্তিনা জাহান সিমিকে বিয়ে করেন তিনি। বিয়ের পর নিজের নাম রেখেছেন ‘মিকাইল’।
ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। শান্তিনা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রথম স্বামীর মৃত্যুর পর পাঁচ বছর বয়সী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন শান্তিনা। ফিনল্যান্ডপ্রবাসী এক নিকটাত্মীয়ের মাধ্যমে মিকার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে মুঠোফোনে যোগাযোগের মধ্য দিয়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন মিকা।
গত ২ অক্টোবর বাংলাদেশে আসেন তিনি। এর আগে ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করেন। বাংলাদেশে এসে স্বেচ্ছায় খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নাম পরিবর্তন করে মিকাইল রাখেন। পরে ধর্মীয় বিধান ও রাষ্ট্রীয় আইন মেনে নিবন্ধিত কাজির মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর শান্তিনার পাঁচ বছর বয়সী সন্তানকেও নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন মিকাইল।
নবদম্পতি জানিয়েছেন, তাঁরা বর্তমানে সুখে আছেন। আগামী ১৮ অক্টোবর মিকাইল ফিনল্যান্ডে ফিরে যাবেন। পরে শান্তিনা ও তাঁর সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের ফিনল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
মেয়ের নতুন জীবনে সন্তোষ প্রকাশ করেছেন শান্তিনার বাবা রফিকুল ইসলাম।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কোনো বিদেশি নাগরিকের এলাকায় এসে বিয়ে করার বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি।

মন্তব্য করুন