বলিউড তারকা সালমান খান নতুন করে আলোচনায় এসেছেন ইউটিউব চ্যানেল চালু করে। তবে তাঁর এই উদ্যোগ প্রচলিত তারকাদের ব্যক্তিগত ভিডিও বা দৈনন্দিন জীবনভিত্তিক কনটেন্ট থেকে কিছুটা আলাদা। শিশুদের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও প্রকাশের লক্ষ্য নিয়ে তিনি চালু করেছেন ‘বিয়িং দ্য সালমান খান’ নামের চ্যানেলটি।

১১ অক্টোবর নিজের নতুন উদ্যোগ নিয়ে ভক্তদের প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা জানান সালমান। একই সঙ্গে স্পষ্ট করেন, চ্যানেলটির মূল দর্শক প্রাপ্তবয়স্করা নন, বরং ছোট শিশুরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সালমান বলেন, তাঁর ইউটিউব চ্যানেলের কনটেন্ট হয়তো অনেকের প্রত্যাশার সঙ্গে মিলবে না। কারণ, এটি মূলত শিশুদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

চ্যানেলটির উদ্দেশ্য ব্যাখ্যা করে অভিনেতা জানান, শিশুদের পড়াশোনার পাশাপাশি হাসি-আনন্দ, ভালোবাসা এবং পারিবারিক মূল্যবোধ শেখাও গুরুত্বপূর্ণ। নতুন এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য আনন্দদায়ক পরিবেশ তৈরির পাশাপাশি তাদের ইতিবাচক শিক্ষা দেওয়ার প্রত্যাশা করছেন তিনি।

সালমানের এই উদ্যোগ বলিউড তারকাদের ডিজিটাল মাধ্যমে কনটেন্ট তৈরির প্রচলিত ধারায় ভিন্ন মাত্রা যোগ করেছে। সাধারণত তারকাদের ইউটিউব চ্যানেলে ব্যক্তিগত জীবন, ভ্রমণ, সাক্ষাৎকার কিংবা পেশাগত কর্মকাণ্ডের নানা দৃশ্য দেখা যায়। তবে সালমানের নতুন চ্যানেলে শিশুদের উপযোগী বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চ্যানেলটি ভবিষ্যতে কীভাবে এগিয়ে যায়, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। শিশুদের শিক্ষা, বিনোদন ও পারিবারিক মূল্যবোধের সমন্বয়ে সালমান খান কতটা সফল হন, এখন সেটিই দেখার বিষয়।