উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন যথাযথভাবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের সেবা করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা বিশেষ সুযোগ পেয়েছেন। এই সুযোগ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যার হাতে যত দিন দায়িত্ব রয়েছে, তাকে সেই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে।
সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আবারও বৈঠক করার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরবর্তী সভাগুলোতে কর্মকর্তারা যেন আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন, সে প্রত্যাশাও জানান তিনি।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন