অজয় দেবগন অভিনীত থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ বিশ্বজুড়ে আয়ের নতুন রেকর্ড গড়েছে। মুক্তির মাত্র নয় দিনেই ছবিটির মোট আয় ৪৪৬ কোটি ৮০ লাখ রুপি ছাড়িয়েছে। ফলে অজয়ের আগের দুই ব্যবসাসফল সিনেমা ‘সিঙ্ঘম অ্যাগেইন’ ও ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-কে পেছনে ফেলে এটি তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছে।
চলচ্চিত্রের আয়-সংক্রান্ত তথ্য প্রকাশকারী সংস্থা স্যাকনিল্কের হিসাবে, গত ১০ অক্টোবর শনিবার ভারতে ছবিটি আয় করেছে ২৬ কোটি ৫০ লাখ রুপি। আগের দিন শুক্রবার আয় ছিল ১৪ কোটি ৫০ লাখ রুপি। অর্থাৎ এক দিনের ব্যবধানে আয় বেড়েছে প্রায় ৮২ দশমিক ৮ শতাংশ।
ভারতে এখন পর্যন্ত সিনেমাটির নিট আয় ২৮৬ কোটি ৫০ লাখ রুপি। দেশটির প্রেক্ষাগৃহে করসহ মোট আয় দাঁড়িয়েছে ৩৪৩ কোটি ৮০ লাখ রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে নবম দিনে এসেছে আরও ৮ কোটি রুপি। এতে বিদেশের বাজারে ছবিটির মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপি।
গত ২ অক্টোবর মুক্তির প্রথম দিনেই ভারতে ৬২ কোটি রুপি নিট আয় করে বড় সূচনা করে ‘দৃশ্যম ৩’। দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ৫৩ কোটি ৫০ লাখ এবং ৬১ কোটি রুপি আয় করে ছবিটি। সপ্তাহের কর্মদিবসে আয় কমে এলেও দ্বিতীয় শনিবার আবারও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যায়।
ছবিটির এই সাফল্যে অজয়ের আগের দুই বড় ব্যবসাসফল সিনেমা ‘সিঙ্ঘম অ্যাগেইন’-এর ৩৮৯ কোটি এবং ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এর ৩৬৭ কোটি রুপির আয় ছাড়িয়ে গেছে। একই সঙ্গে ‘দৃশ্যম’ সিরিজের আগের হিন্দি সিনেমাগুলোর বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে নতুন কিস্তিটি।
বিজয় সালগাঁওকর ও তাঁর পরিবারের গল্প নিয়ে নির্মিত এই থ্রিলার সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন তাবু, শ্রিয়া সরন, ইশিতা দত্ত, মৃণাল যাদব, রজত কাপুর, প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় ‘ধুরন্ধর ২’, ‘বর্ডার ২’ ও ‘হনুমান আনশ’-এর পর চতুর্থ অবস্থানে রয়েছে ‘দৃশ্যম ৩’।

মন্তব্য করুন