বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) লটারি-২০২৬-এর প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা জিতেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হানিফ মিয়া। পুরস্কারের অর্থ দিয়ে বড় খামার গড়ে তুলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিপিকেএস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে লটারির বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিকেএস জাতীয় লটারি প্রকল্পের পরিচালক হাজী মো. আলম কবির। প্রধান অতিথি ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং জাতিসংঘের প্রতিবন্ধী অধিকারবিষয়ক চ্যাম্পিয়ন মো. আব্দুস সাত্তার দুলাল।

অনুষ্ঠানে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ উৎসে কর কেটে বাকি টাকা চেকের মাধ্যমে বিজয়ীদের দেওয়া হয়েছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়া জানান, তিনি একজন বেকার যুবক। ছোট একটি খামার পরিচালনা করে কোনোমতে জীবিকা নির্বাহ করেন। লটারিতে পাওয়া অর্থ দিয়ে খামারটি বড় করার পাশাপাশি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান তিনি। মানুষের কল্যাণে কাজ করাও তাঁর পরিকল্পনার অংশ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার দুলাল বলেন, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বিপিকেএসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবির, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা, ইমিনেন্ট জার্নালিস্ট অ্যান্ড গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি গোলাম ফারুক মজনুসহ অন্যরা।