দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১২ অক্টোবর)। এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
গত ৮ অক্টোবর এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়। এতে বলা হয়েছে, সোমবার থেকে দেশব্যাপী পরিবার ও সংশ্লিষ্ট এলাকার তথ্য সংগ্রহ কার্যক্রম একযোগে শুরু হবে। এ জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
প্রচারণার বার্তায় জানানো হয়েছে, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে। তাই সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য প্রদানের জন্য কোনো অর্থের প্রয়োজন নেই বলেও প্রচারণায় উল্লেখ করা হয়েছে।
মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়া ও আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার বার্তা প্রচার করা হবে। অন্যদিকে, মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণায় প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের তথ্য সংগ্রহের আওতায় আনার বিষয়ে সচেতনতা তৈরির কথা বলা হয়েছে।
কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথাও প্রচারণার বার্তায় উল্লেখ রয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করতেই এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট নির্দেশনায় জানানো হয়েছে।

মন্তব্য করুন