
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া অংশের নিজকুঞ্জরায় স্টারলাইন পরিবহনের একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে সাইফুল ইসলাম (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা এক যাত্রী গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে। তবে আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বারৈয়ারহাট এলাকা থেকে এক যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন সাইফুল। পথিমধ্যে নিজকুঞ্জরা এলাকার মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি দ্রুকাগামী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং চালক সাইফুল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় সঙ্গে থাকা যাত্রী আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের আবেদনের পরিপ্রক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত স্টারলাইন পরিবহনের বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
