
কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত বদি আলম পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া গ্রামের সোনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে সীমান্ত এলাকার জুমের ছড়া দিয়ে মাছ ধরতে যান বদি আলম। একপর্যায়ে মিয়ানমার অভ্যন্তরে পূর্বে পুঁতে রাখা একটি স্থলমাইনের ওপর পা পড়লে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এতে বদি আলমের ডান পা ও শরীরের ডান পাশ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ (এমএসএফ) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এ বিষয়ে বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ আজাদ জানান, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হওয়ার বিষয়টি তারা অবগত আছেন। ঘটনাস্থল ও সার্বিক বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
