
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেলে জোরারগঞ্জ পৌরসভার নন্দীগ্রাম (গাছ মার্কেট) এলাকার শান্তুর ভাঙ্গারির দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি এলাকার মৃত আবদুল উদুদের ছেলে মোঃ ছৈয়দুল আমিন (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কৌশলে ছৈয়দুল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় ২০২৫ৃ সালের জানুয়ারি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
