
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ি ফেলে পালিয়ে গেছে চিহ্নিত মাদক কারবারিরা।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকা থেকে গাঁজা ভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. নাদিম হায়দার চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে এসআই মো. সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযানে ছিলেন।
অভিযান চলাকালে জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওমেরা গ্যাস ফিল্ডসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশের পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চেকপোস্টের কাছে একটি লাল-খয়েরী রঙের প্রাইভেটকার (রেজিঃ নং- চট্ট-মেট্রো-গ-১১-১৬১৫) পৌঁছালে তা থামার সংকেত দেওয়া হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ মাদক ব্যবসায়ীরা গাড়িটি রাস্তায় রেখেই দ্রুত সটকে পড়ে।
পরে পুলিশ সদস্যরা পরিত্যক্ত প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ট্রাঙ্ক থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় সর্বমোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকারটি ঘটনাস্থলেই জব্দতালিকা মূলে আটক করা হয়।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, প্রাইভেটকার ফেলে পালিয়ে যাওয়া মাদক কারবারি ফেনী সদর মডেল থানার চরলালা গ্রামের নুরুন্নবীর ছেলে মো. ইব্রাহিম (৩৬) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
