
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিময় সমাজ বিনির্মাণে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে মিরসরাইয়ে অনুষ্ঠিত এক বিট পুলিশিং সভায়।
আজ ২৮ জুলাই (মঙ্গলবার) জোরারগঞ্জ থানার আওতাধীন ৭ নম্বর কাঁটাছড়া ইউনিয়ন বিট পুলিশিংয়ের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, “সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও যাবতীয় অপকর্ম নির্মূলে বিট পুলিশিং এক কার্যকর ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের দোড়গোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা আমাদের নাগরিক দায়িত্ব।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হালিম-এর সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী এবং স্থানীয় বিশিষ্ট রাজনৈতিক গাজী নিজাম।
সভায় এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে একমত প্রকাশ করেন এবং আইনপ্রয়োগকারী সংস্থাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি!
