
চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা এলাকায় পরিচালিত জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনি গ্রেপ্তার হন।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন ও তার সহযোগী রায়হানকে আইনের আওতায় আনতে বেশ কিছুদিন ধরেই জেলা পুলিশের একাধিক দল ছায়া তদন্ত ও অভিযান চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ যশোরে অভিযান চালিয়ে ইমনকে জালে তোলে পুলিশ। একই সময়ে অন্য একটি দল নোয়াখালীতে রায়হানকে গ্রেপ্তারে অভিযান চালায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয় রায়হান।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, “ডেভিড ইমন ও রায়হানসহ এই দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের বাকি সদস্যদের পাকড়াও করতে চট্টগ্রাম জেলা পুলিশের একাধিক টিম একযোগে কাজ করছে। যশোর থেকে আমরা ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রায়হান নোয়াখালী থেকে সাময়িকভাবে পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ সুপার আরও জানান, এই দীর্ঘমেয়াদি অভিযান এবং ডেভিড ইমনকে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য আগামীকাল বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
