
চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (কর্ণফুলী) টানেলে নিয়মিত রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা চার রাত নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল পরিচালনা করা হবে। এ সময় টানেলের একটি টিউব সম্পূর্ণ বন্ধ রেখে অন্য টিউবটি দিয়ে দ্বিমুখী (টু-ওয়ে) যান চলাচল চালু রাখা হবে। পরিস্থিতি বিবেচনায় দুই প্রান্তে গাড়ি ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট আটকে থাকতে পারে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই (মঙ্গলবার) থেকে ৩১ জুলাই (শুক্রবার) পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলের স্বাভাবিক রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় কাজ চলা সাপেক্ষে ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’— যেকোনো একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সেতু কর্তৃপক্ষ জানায়, টানেলের ভেতর ও সংযোগ সড়কে যানবাহনের গতি এবং অতিরিক্ত চাপ সামলাতে উভয় প্রান্তের যাত্রীদের সাময়িকভাবে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করতে হতে পারে।
টানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারী, চালক ও যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
