
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে মাত্র ৪৮ ঘণ্টায় ১৬৮ জন অভিবাসী পৌঁছেছেন। তাদের মধ্যে ৭২ জন বাংলাদেশি। উদ্ধার হওয়া অন্যদের মধ্যে সুদান ও মিসরের নাগরিকও রয়েছেন।
লিবিয়ার উপকূল থেকে নৌকায় করে ইউরোপে যাওয়ার সময় তাদের উদ্ধার করে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে ক্রিট হয়ে ইউরোপে যাওয়ার এ রুটে অভিবাসীর সংখ্যা বাড়ছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের আইয়েরাপেত্রা এলাকার কাছে ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকার সন্ধান পায় ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার একটি বিমান। পরে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী ও একটি মাছ ধরার নৌকা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে তাদের আইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয় এবং পরিচয় শনাক্তকরণ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শুরু হয়।
এর আগে দুটি নৌকা থেকে মোট ১১২ জনকে উদ্ধার করা হয়। প্রথম নৌকায় ছিলেন ৫৬ জন—৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশি। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিসরীয় নাগরিক ছিলেন।
উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। এদিকে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় ক্রিটের স্থানীয় প্রশাসন ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ বাড়ছে।
লিবিয়া থেকে ক্রিটগামী এ সমুদ্রপথটি সাম্প্রতিক সময়ে অভিবাসীদের অন্যতম ব্যবহৃত রুট হয়ে উঠেছে। গ্রিসের সরকারি তথ্যেও ক্রিটে অভিবাসী আগমনের প্রবণতা উল্লেখযোগ্য বলে উঠে এসেছে।
