
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় প্রথম ধাপের অনানুষ্ঠানিক ‘স্ট্র পোল’ ভোটাভুটি অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রুদ্ধদ্বার বৈঠকে সাত প্রার্থীর প্রতি সমর্থনের মাত্রা যাচাই করবেন।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস টানা দুই মেয়াদ শেষে চলতি বছরের শেষ দিকে দায়িত্ব ছাড়বেন। তাঁর উত্তরসূরি হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার সাত প্রার্থী।
‘স্ট্র পোল’ নিরাপত্তা পরিষদের একটি অনানুষ্ঠানিক ও বাধ্যতামূলক নয় এমন ভোটাভুটি। এতে সদস্যরা প্রতিটি প্রার্থীকে সমর্থন, নিরুৎসাহিত অথবা কোনো মতামত নেই—এই তিন ধরনের মতামত জানান। পুরো প্রক্রিয়া গোপনে অনুষ্ঠিত হয় এবং এতে কেবল নিরাপত্তা পরিষদের সদস্যরাই অংশ নেন।
এখন পর্যন্ত কোনো প্রার্থীকে স্পষ্টভাবে এগিয়ে থাকা হিসেবে দেখা যাচ্ছে না। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী, গ্রীষ্মকালজুড়ে একাধিক দফায় স্ট্র পোল অনুষ্ঠিত হতে পারে। সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের শুরুতে এ প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঐকমত্য না হলে সময় আরও বাড়তে পারে।
বর্তমান প্রার্থীদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান, ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেস-বারকেট, সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল এবং উগান্ডার কূটনীতিক ওলারা ওতুন্নু। গত সপ্তাহে ওতুন্নু এই প্রতিযোগিতায় যোগ দেন।
প্রাথমিক ধাপের স্ট্র পোলে সব সদস্য একই ধরনের ব্যালট ব্যবহার করেন। পরবর্তী ধাপে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—ভিন্ন রঙের ব্যালট ব্যবহার করেন। এর মাধ্যমে বোঝা যায়, কোনো প্রার্থী স্থায়ী সদস্যদের কারও বিরোধিতা বা নিরুৎসাহিত ভোট পেয়েছেন কি না।
