সামনে সরস্বতী পূজো ব্যস্ততা তো আছেই। তবে অন্যান্যবারের তুলনায় অনেকটাই সাবধানী শিল্পীরা। মূর্তি তৈরি হচ্ছে ঠিকই কিন্তু পরিমানের তুলনায় অনেক কম। প্রতিবছরের মতো এবারও সিলেটের সুনামগঞ্জের দিরাইয়ের বিভিন্ন জায়গায় সরস্বতীর পূজার আয়োজন করা হচ্ছে। কিন্তু অধিকাংশ জায়গায় খুঁজ নিয়ে জানা যায় অন্যান্য বছরের তুলনায় এবছর করোনার প্রভাবে পূজার সংখ্যা কমে এসেছে।
পৌরসদরের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে কয়েক বছর ধরে সরস্বতীর প্রতিমা বানায় জন্টু পাল, প্রতি বছরের ন্যায় এবারও মূর্তি বানাতে দেখা যায় তাকে।
জন্টু পাল নামের সেই কারিগর বলেন, আমাদের যা আয় তা এ সময়েই বেশি হয়ে থাকে। ভোরবেলা শুরু করি আর সারা দিনধরে কাজ করি। তবে এবছর অন্যান্য বছরের তুলনায় মূর্তি কম বানাচ্ছি। করোনার প্রভাবে এবছর পূজা মন্ডপের সংখ্যা কম হবে। প্রতিমা গড়ার অনুভূতি নিয়ে বলেন, ‘মায়ের কাজ করতে ভালোই লাগে।’ মায়ের রূপ অন্তরে নিয়ে কাজ করতে হবে। তাহলেই সেটা সুন্দর হবে।’
এদিকে শ্রীশ্রী জগন্নাথ জিয়াউর মন্দিরে গিয়ে দেখা যায়, মৃৎশিল্পীরা বিভিন্ন আকারের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছেন। মৃৎশিল্পী নিরঞ্জন বলেন, ছোট-বড়, মাঝারী সব মিলিয়ে প্রায় ৪০টি প্রতিমা তৈরী করেছি। যা অন্য বছরের তুলনায় অনেক কম। দাম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান বিভিন্ন আকারের মূর্তি আছে মূর্তি গুলো সাত হাজার টাকা হতে শুরু করে ছয় হাজার টাকা, পাঁচ হাজার টাকা, চার হাজার টাকা, তিন হাজার টাকা, দুই হাজার টাকা, এমনকি আটশত টাকার মূর্তিও আছে।
এ বিষয়ে কয়েকজন সনাতন ধর্মাবলম্বী বলেন, মূর্তি তৈরির সবচেয়ে বেশি বরাত আসে স্কুল, কলেজ থেকে। করোনার প্রভাবে স্কুল, কলেজ বন্ধ থাকায় অধিকাংশ স্কুল, কলেজে এবছর পূজা হচ্ছে না।
