শেষ ৬ রানে ক্যারিবীয়রা যখন শেষ ৫ উইকেট হারায় তখন কি টাইগাররা জানত ঠিক একই রকম পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য? চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭১ রানের বিশাল লিড নিয়ে যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ তখন বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তামিম ইকবাল। কিন্তু সেই মেজাজ ক্ষীণ হতে বেশি সময় লাগেনি।

কর্নওয়ালের স্পিনে বোকা বনে এলবিডব্লিউ এর ফাঁদে কাটা পড়েন ঘরের ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলীয় এক রানে সাজঘরে ফিরে যান তামিম। এরপর মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। তবে তিনিও শান্ত থাকতে পারেন নি। কর্নওয়ালের পঞ্চম বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। এরপর কিছুটা দেখে খেলার চেষ্টা করতে থাকেন সাদমান ও মুমিনুল। কিন্তু ব্যক্তিগত ৫ রানে তিনিও সাজঘরে ফিরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের স্কোর তিন উইকেটে ৩৩ রান।

এর আগে, চা-বিরতির পরই সর্বনাশ ঘটে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। চা বিরতির পর জোড়া আঘাতই ছিটকে দেয়া ব্রাফেটের দলকে।

বিরতির পর ব্ল্যাকউড-জশুয়ার ৯৯ রানের জুটিতে আঘাত হানে নাঈম হাসান। ৪২ রান করা জসুয়া দা সিলভাকে ফেরান নাঈম। এরপরই বল হাতে ভেলকি দেখালেন মিরাজ। তার লেন্থ বলে খোঁচা দিতে গিয়ে সামনেই দাঁড়িয়ে থাকা লিটন দাসের হাতে ধরা পড়েন ব্ল্যাকউড। ব্ল্যাকউড চলে যাওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে উইন্ডিজ। মিরাজের আঘাতে আউট হয়েছেন লেজের ব্যাটসম্যান কেমার রোচ। রানের খাতাই খুলতে পারেননি তিনি। অভিজ্ঞ রোচ দলের পরিস্থিতিকে পাত্তা না দিয়ে ছক্কা মারতে গিয়ে উইকেট দেন মিরাজকে। তার পরের শিকার রাহকিম কর্নওয়াল। ২ রান করে মিরাজের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে সরাসরি বোল্ড হল কর্নওয়াল।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের শেষ উইকেটটি নিয়েছেন সেই তাইজুলই। দিনের প্রথম বলে ফিরিয়েছিলেন এনক্রুমাহ বোনারকে। একইভাবে ৯৭তম ওভারের প্রথম বলে ফেরালেন ওয়ারিক্যানকে। এতে ৫ উইকেটে ২৫৩ রান থেকে শেষ পর্যন্ত ক্যারিবীয়রা অলআউট ২৫৯ রানে। ২৩ বল খরচায় ৬ রানে শেষ ক্যারিবীয়দের শেষ ৫ উইকেট। এতে প্রথম ইনিংসেই ১৭১ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে মিরাজ পেয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। ২৬ ওভারে ৯ মেইডেনে ৫৮ রান দিয়েছেন তিনি। এছাড়া, মোস্তাফিজ, তাইজুল ও নাঈম প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেছেন।