সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কালাছাদেক গ্রামের পল্লী চিকিৎসক রেজাউল করিম হায়াত (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের বোন মিনা বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেছেন। পুলিশ হত্যাকারীদের শনাক্তে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদীয়া হোটেলের ম্যানেজার আবদুর রউফ চৌধুরী, সহকারী ম্যানেজার শামীম এবং হোটেল কর্মচারী দেলোয়ার ও ফরিদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের করছে পুলিশ। তারা এখনও পুলিশের হেফাজতে রয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, পল্লী চিকিৎসক রেজাউল করিম হায়াত হত্যার ঘটনায় নিহতের বোন বাদী হয়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের একাধিক টিম হত্যাকারীদের শনাক্তের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

এছাড়াও পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য সিসি ক্যামেরার ফুটেজ তদারকি করে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ হত্যা করে হোটেলের পেছনে ফেলে যায় ওই চিকিৎসককে।