দেশীয় ৫০০ প্রকৌশলী ও পরামর্শকের জন্য ভ্যাকসিন চেয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এর ফলে কাজে গতি আসবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক। তবে সেতুর কাজে নিয়োজিত চীনের প্রকৌশলীরা এ টিকা নেবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাননি।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ধীর হয়ে আসে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজ। চীনের নাগরিকদের বড় একটি অংশ এ প্রকল্পে থাকায় তাদের সঙ্গে কাজ করার আতঙ্কে প্রকল্প এলাকা ছেড়ে যান অধিকাংশ দেশীয় শ্রমিক ।

তবে এরপর ধীরে ধীরে পাল্টেছে দৃশ্যপট। করোনা থেকে বাঁচতে দেশীয় শ্রমিকদের জন্য প্রকল্প এলাকায় ২৪ ঘণ্টা আবাসনের ব্যবস্থা করা হয়। চীন থেকে আসা প্রকৌশলীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেই সুযোগ দেওয়া হয় কাজে যোগ দেওয়ার। সার্ভিস এরিয়ার ভেতরে চালু করা হয় স্বাস্থ্যকেন্দ্রও। তবে দেশে টিকা আসার খবরে এ প্রকল্পের শ্রমিকরা চান টিকা নিয়ে নিশ্চিন্তে কাজে যোগ দিতে।

কাজে আসা দেশি শ্রমিকরা জানান, আমাদেরও টিকা নেওয়া দরকার। আমরা সবসময় বিভিন্ন ধরনের মানুষে সঙ্গে কাজ করতে হয়। আমরা তো জানি না কার মধ্যে কি আছে। আমাদেরও দরকার করোনার টিকা নিয়ে সুস্থভাবে কাজ করার।

প্রকল্পে কাজ করছেন ৮ শতাধিক দেশীয় প্রকৌশলী, পরামর্শক ও কর্মকর্তা-কর্মচারী। এ অবস্থায় প্রাথমিকভাবে ৫০০ ভ্যাকসিন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে চিঠি দিয়েছে সেতু কর্তৃপক্ষ।

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, চীনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে তারা যদি চায় তাহলে সরকারকে সেটা জানানো হবে। আমাদের চাহিদার তালিকা এরই মধ্যে সরকারকে পাঠানো হয়েছে। আপাতত ৫০০ জনের জন্য টিকা চাওয়া হয়েছে।

চীন থেকে নতুন করে কাজে যোগ দিতে আসা প্রকৌশলীরা অধিকাংশই নিজ দেশ থেকে টিকা দিয়ে ফিরছেন। ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন প্রায় সাড়ে ৩ হাজার দেশীয় শ্রমিক। তবে নিজেদের জন্য কিংবা তাদের জন্য টিকা চেয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি চায়না মেজর ব্রিজ কোম্পানি।