সিলেট মুরারীচাঁদ কলেজ (এমসি) ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১২ জানুয়ারি মঙ্গলবার নির্ধারণ করা হয়েছ। রবিবার (১০ জানুয়ারি) সকালে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মো. মোহিতুল হক চৌধুরীর এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনাল এর বেঞ্চ সহকারী। এর আগে রবিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার ৮ আসামিকে উক্ত আদালতে হাজির করে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, বাদীপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক শুনানী শেষে চার্জগঠনের শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি নির্ধারণ করেন।
এদিকে, রবিবার আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন প্রার্থণা করেন এই মামলার অভিযোগপত্রভূক্ত আসামি আসামি তারেকুল ইসলাম তারেকের। তবে আদালত তার আবেদন নামঞ্জুর করেন। গত ৩ ডিসেম্বর ৮ আসামীর বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।
অভিযুক্তরা হচ্ছে- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন উরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। এই ৮ জনকে আজ রবিবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে উল্লেখিত আদালত হাজির করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর বিকেলে স্বামীকে নিয়ে শাহপরান মাজারে বেড়াতে গিয়েছিলেন নির্যাতনের শিকার তরুণী (২৫)। ফেরার সময় তারা গাড়ি থামিয়েছিলেন নগরের টিলাগড় এলাকার এমসি কলেজের প্রধান ফটকের সামনে। স্ত্রীকে প্রাইভেটকারে রেখে স্বামী পাশ্ববর্তী দোকানে গিয়েছিলেন। ওইসময় প্রাইভেটকারটি ঘিরে ধরে কয়েকজন তরুণ। প্রাইভেটকারসহ ওই দম্পতিকে তারা নিয়ে যায় বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসের ভেতরে। সেখানে স্বামীর সামনেই গাড়ির ভেতর সংঘবদ্ধভাবে তরুণীকে ধর্ষণ করে ৬ তরুণ। পরে তাদের মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেয় ধর্ষকরা। আটকে রাখে তাদের গাড়িও। ঘটনার রাতেই নির্যাতিতার স্বামী বাদী হয়ে নগরের শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও ৩ দিনের মধ্যে ৬ আসামিসহ সন্দেহভাজন আরও ২ জনকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। সন্দেহভাজন দুই গ্রেপ্তারকৃত হলেন- আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়া। গ্রেপ্তারের পর তাদের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে সকলেই দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
