কাশ্মীর নিয়ে তিন বার রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে ‘আজন্ম বৈরিতা’ রয়েছে। যা রাজনীতির মাঠ পেরিয়ে উত্তপ্ত করেছে দুই দেশের ক্রীড়াঙ্গনকেও।
কাশ্মীর বিষয়ে স্পর্শকাতর মন্তব্য করে আফ্রিদি-শোয়েব আখতারের মত পাক তারকাদের বিতর্কে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে অনেক। শেবাগ-গম্ভীরদের মতো ভারতের তারকা ক্রিকেটাররাও কম যাননি এই ইস্যুতে। তবে কাশ্মীর ইস্যুতে বরাবরই জোরালো বক্তব্য দিয়ে থাকেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
কাশ্মীর থেকে মোদি সরকার ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করে ভারতীয়দের রোষানলে পড়েছিলেন শোয়েব। এবার ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে মন্তব্য করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত পাকিস্তানের জাতীয় দলের সাবেক গতিতারকা। সম্প্রতি পাকিস্তানের সামা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় হঠাৎ ভারতে ‘গাজওয়া-ই হিন্দ’ প্রতিষ্ঠার বিষয়ে মুখ খোলেন শোয়েব।
এক নারী সাংবাদিককে শোয়েব আখতার বলেন, ‘আমাদের প্রাচীন সাহিত্যে ‘গাজওয়া-ই হিন্দ’ এর স্বপ্ন একদিন সত্যি হবে বলে উল্লেখ করা হয়েছে। ওই দিন অ্যাটক নদীর পানি দুইবার রক্তে লাল হয়ে উঠবে। আফগানিস্তান থেকে সৈনিকদের দল অ্যাটকে পৌঁছবে। সেনারা আসবে উজবেকিস্তান ও আরব থেকেও। এরপর আফগানিস্তান খোরসান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে তারা। আগে মুসলিমরা কাশ্মীর দখল করবে, এরপর আক্রমণ করবে ভারতের ওপর।’
