বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুর্দান্ত খেলে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া। ইতিহাস রচনা করেছে ভারতও, তবে সেটি লজ্জার।
অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে অসি বোলার কামিন্স-হ্যাজেলহুডের অতিমানবীয় পারফরম্যান্সে ৩৬ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস, যা ভারতের ইতিহাসে সবচেয়ে কম রানে ইনিংস গুটিয়ে যাওয়ার রেকর্ড। ওই টেস্টে দুদিন হাতে রেখেই ৮ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচশেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোরলাইন দেখলে মনে হবে ১১ ডিজিটের কারও ফোন নম্বর সাজিয়েছে কোহলির দল।
ভারত দলের এমন লজ্জাজনক হার নিয়ে তোলপাড় ক্রিকেটবিশ্ব। বিরাট কোহলিদের নিয়ে নানারকম হাস্যকর মন্তব্যে মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। এমন রসিকতায় বাদ যাননি দেশে-বিদেশের সাবেক তারকারাও।
পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতার ব্যঙ্গাত্মক টুইট করেন। তিনি লেখেন– ঘুম থেকে উঠলাম এবং দেখলাম ভারতের স্কোর ৩৬৯, কিন্তু বিশ্বাস করতে পারলাম না। এর পর পানি দিয়ে চোখ ধুয়ে নিলাম এবং দেখলাম স্কোর ৩৬/৯। তবে এসব ব্যঙ্গাত্মক টুইটে না গিয়ে ভিন্নরকম বক্তব্য দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
ম্যাচশেষে বুমবুম আফ্রিদি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন– প্যাট কামিন্স ও হ্যাজেলহুডের ঝকঝকে পারফরম্যান্স দেখলাম। সত্যি আমি দীর্ঘদিন পর কোনো টেস্টে ফাস্ট বোলারদের এমন দুর্দান্ত দাপট দেখলাম। আমি অভিভূত। ম্যাচটি বেশ উপভোগ করেছি। আমি মনে করি, এমন হারের পরও এই সিরিজে ভারত ফিরে আসতে পারে। তবে বিরাট কোহলি ছাড়া এটি বেশ কঠিন হবে।
উল্লেখ্য, চার টেস্টের এই সিরিজে বাকি ম্যাচগুলো আর খেলছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরছেন তিনি। আগামী বছরের শুরুতেই সন্তান জন্ম দেবেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বাকি ম্যাচগুলোতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অজিঙ্কা রাহানে। তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার
