অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত দিবারাত্রির টেস্ট ম্যাচ। গোলাপি বলের এই টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত শিবির। ইনিংসের ১৯ ওভারে দলীয় ৩২ রানের মধ্যেই দুই দু উইকেট নেই তাদের।
শূন্য রানে ফিরেছেন ভারত দলের ওপেনার পৃথ্বীশ। সাজঘরে ফিরে গেছেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালও। তবে এই দুই আউটের মধ্যে পৃথ্বীথের আউট হওয়ার ঘটনা ইতিমধ্যে সোশ্যালমিডিয়ায় ভাইরাল। অবিশ্বাস ও কাকতালীয় ঘটনার জন্ম দিয়েছেন পৃথ্বীশ।
আউটের ভিডিও টুইট করে সেভেনক্রিকেট টুইট করেছে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং যেভাবে বলেছেন, ঠিক সেভাবেই আউট হয়েছেন পৃথ্বীশ।
ইনিংসের প্রথম ওভারের প্রথম বলের পর ম্যাচের ধারাভাষ্যকার রিকি পন্টিং বলেন, ‘পৃথ্বীশের একটি দুর্বলতা রয়েছে। সেটা হলো ভেতরের দিকে আসা বল খেলতে গিয়ে তার ব্যাটিংয়ে একটা ত্রুটি দেখা যায়। পৃথ্বী শরীর থেকে দূরে থাকা বল স্বচ্ছন্দেই খেলে। তার চোখ এবং মাথার পজিশন ঠিক থাকে। কিন্তু প্রায়ই দেখা যায় ব্যাট-প্যাডের মাঝে ফাঁকা জায়গা রেখে দেয় সে। অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু এই জায়গাটাই টার্গেট করবে।’
মনে হলো, পটিংয়ের এই বক্তব্য শুনে ফেলেছেন বোলার মিচেল স্টার্ক।
ওভারের দ্বিতীয় বলটি পন্টিংয়ের বলা সেই পয়েন্টে করেন স্টার্ক। অফস্ট্যাম্পের বাইরের বল ইনসুইং করে ভেতরে ঢুকছিল। শরীরের দূর থেকে খেলতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লাগান পৃথ্বী। সেটি তার ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে সোজা মিডল স্ট্যাম্পে। শূন্য রানেই সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পৃথ্বী।
