বিলাসবহুল হংকং শহরের মং কক রাস্তা সবসময় থাকে জমজমাট। এই রাস্তাতেই অবস্থিত ডিগনিটি কিচেন রেস্টুরেন্ট। পাওয়া যায় মুখোরচক সব খাবার। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের এই রেস্টুরেন্টে কাজ করার সুযোগ পাচ্ছেন শারিরীক ও মানসিকভাবে অক্ষমরা। প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে পারদর্শী করে তুলছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। খাবারের মান ভালো হওয়ায় এরই মধ্যে হংকংয়ে ব্যাপক সাড়া ফেলেছে রেস্টুরেন্টটি।
এখানকার কোমল পানীয় কাউন্টারে বসা কর্মীটি কানে শোনেন না, কিন্তু সংকেতের মাধ্যমে যোগাযোগ স্থাপন করেন গ্রাহকের সঙ্গে। লাঞ্চ আর ডিনারের মেন্যু কাউন্টারে বসা কর্মীও মানসিক ও শারীরিকভাবে অক্ষম। কিন্তু তাদের প্রশিক্ষণ দিয়ে এমনভাবেই তৈরি করা হয়েছে যে তারা রেস্টুরেন্টের যাবতীয় সব কাজেই পারদর্শী। গ্রাহকদের সঙ্গে বেশ ভালোই ভাব বিনিময় করতে পারেন তারা।
সমাজের সঙ্গে অক্ষম মানুষগুলোর সম্পর্ক গভীর করতেই এমন উদ্যোগ বলে জানান ডিগনিটি কিচেন রেস্টুরেন্টের নির্বাহী পরিচালক কোহ সেং চুন। বলেন, বিকলাঙ্গ আর সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করা জরুরি। আমরা যদি তাদের চাকরি দিতে পারি, তাহলে তারা দারিদ্র্যমুক্ত হবে।
কোহ সেং চুন আরও বলেন, তাদের চারটা মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসংস্থানের ব্যবস্থা করেই এ প্রশিক্ষণ দেওয়া হয়। যখন তারা সমাজের অন্য মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে পারদর্শী হয়ে ওঠে, তখন তাদের খাবার রান্নার জন্য প্রস্তুত করা শেখানো হয়। এ ছাড়া রান্না করা, সার্ভ করাসহ অন্য সার্ভিস পর্যায়ক্রমে শেখানো হয়। এ রেস্টুরেন্ট শুধু তাদের কর্মসংস্থানের ব্যবস্থাই করেনি, আত্মসম্মানের সঙ্গে বাঁচতেও শিখিয়েছে বলে জানান রেস্টুরেন্টটির নির্বাহী পরিচালক।।
রেস্টুরেন্টের একজন কর্মী জানান, ‘আমি এখানে সবজি মাংস কাটা শিখেছি। প্রথমে তো কাটাকাটির বিষয়টা খুবই ভয় পেতাম। এই রেস্টুরেন্টে কাজ শুরুর পর থেকে মাছ-সবজি খুব দ্রুতই কাটতে পারি।’ কাজের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘রেস্টুরেন্টটির মালিক আমাদের মন থেকে সমর্থন করেন। আমাদের সীমাবদ্ধতা নিয়ে তার কোনও সংশয় নেই। তাই আমরাও স্বাভাবিকভাবে কাজ করতে পারছি।’
এখানে কাজ করার পর থেকেই তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন।
বন্ধুর কাছে শুনেই এই রেস্টুরেন্টে খেতে এসেছেন এক গ্রাহক। বলেন, ‘আমার বন্ধু বলল, এমন একটা রেস্টুরেন্ট হয়েছে, যেখানে মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা হয়। তখন থেকে এখানে আসার জন্য অপেক্ষা করছি, অবশেষে এলাম।’
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সিঙ্গাপুরের উদ্যোক্তা নাগরিক ৬১ বছর বয়সী কোহ সেং চুন আগে নিজের দেশেই এমন রেস্টুরেন্ট চালু করেন। পরে হংকং সরকারের আমন্ত্রণে চলতি বছরের জানুয়ারিতে এ শহরে একটি রেস্টুরেন্ট চালু করেন তিনি।
