ইংল্যান্ডের সাধারণ জনগণকে উৎসাহিত করতে কোভিড টিকা নেবেন রাণী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপও। তবে দেশটির সরকারি সূত্রমতে, ৮০ বছর বা তার বেশি বয়সীদের দিয়ে ইংল্যান্ডে কোভিড টিকা দেওয়া শুরু হচ্ছে বলেই অগ্রাধিকারের ভিত্তিতে রাণী ও প্রিন্সকে টিকা দেওয়া হবে না বরং টিকা নেওয়ার জন্য আর পাঁচজনের মত “তাদেরও অপেক্ষা করতে হবে”!

সূত্র আরও জানিয়েছে, প্রিন্স ফিলিপের আগেই কয়েক সপ্তাহের মধ্যে টিকা নেবেন ৯৪ বছর বয়সী রাণী দ্বিতীয় এলিজাবেথ। যদিও তার ৯৯ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপ কবে টিকা নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে দু’জনেই কোভিড টিকা নেবেন তাদের ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে।

যদিও প্রিন্স ফিলিপ ও রাণী এলিজাবেথ দু’জনেই কোভিড টিকা প্রকাশ্যে নেবেন কিনা তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের একটি অংশ চাইছে প্রকাশ্যে কোভিড টিকা নিক রাণী এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ। তাতে টিকা সম্পর্কে সাধারণ মানুষের অমূলক ভয় কমানো যাবে। তবে এব্যাপারে রাজপরিবারের সম্মতি মিলেছে কিনা, জানা যায়নি।

রাজপরিবার সূত্রমতে, যুবরাজ চার্লস ও তার পুত্র প্রিন্স উইলিয়ামও কোভিড টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তা আগামী বছরের শুরুর দিকে।