রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিকেল তিনটার পর শিক্ষার্থীদেরসহ জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, কাজলা ও বিনোদপুর গেটে এ বিষয়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

এদিকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করেন।

এদিন সন্ধ্যায় বিনোদপুর গেট হয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় বাধার সম্মুখিন হন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। এ নিয়ে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামক ফেসবুক গ্রুপে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফেসবুকে তিনি লেখেন, শিক্ষার্থী পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন শিক্ষককে ফোন করে তিনি বিষয়টি জানান। পরবর্তীতে ওই শিক্ষক পুলিশের কাছে তার সাংগঠনিক পরিচয় জানিয়ে প্রবেশ করতে দিতে বলেন।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হুমায়ুন কবির ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপে পোস্ট দিয়ে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুনলেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ স্থানীয় হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সম্প্রতি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বেড়েছে। এখানে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকাল তিনটার পর ক্যাম্পাসে শিক্ষার্থীসহ সাধারণের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে জরুরি প্রয়োজনে যেকোনও শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে বলেও জানান তিনি।